ঠাকুরগাঁওয়ে খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন গাছিরা। শীত আসার আগেই বাসাবাড়িতে পিঠা পুলি আয়োজন শুরু হয়ে গেছে। সেই সাথে হাট-বাজারগুলোতে ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে সুস্বাদু খেজুরের গুড়ের।
ভোরের আলো ফোটার সাথে সাথে গাছিরা ছুটেন খেজুরের রস সংগ্রহ করতে। সারি ভাবে গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে সারা রাত জমে থাকা রস নামিয়ে রসের হাঁড়িগুলো জড়ো করেন গাছিরা।
রস সংগ্রহ শেষ হলে হাঁড়িগুলো নিয়ে ছাকনিতে ঢেলে চুলার উপর বড় বড় টিনের পাত্রে জমিয়ে গুড় তৈরির পালা শুরু হয়। পরে খড়কুটোয় ঘণ্টা খানেকের জ্বালে রস ঘন হতে থাকে গুড়ের রুপে। গরম ঘন রস নামিয়ে ছোট খাঁচে ঢেলে গুড়ের চাকা তৈরি করা হয়। ঠাণ্ডা হলেই শক্ত গুড়ে রূপ নেয়।
এক গুড় বিক্রেতা জানান, আমরা খেজুরের গুড় পরিষ্কার পরিছন্ন ভাবে তৈরি করছি। পরে বাজারে বিক্রি করবো।
জানা গেছে, রাজশাহীর গাছিরা, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুণ ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের খেজুর গাছ চুক্তিতে লিজ নেন। পরে সেখানে এই গুড় তৈরি করেন।
এ ব্যাপারে উদ্যোক্তা রবিউল বলেন, বর্তমানে প্রায় ৫ শতাধিক খেজুর গাছ ২০ হাজার টাকায় লিজ নিয়ে প্রতিদিন গড়ে ১২০ কেজি গুড় উৎপাদন করছেন। আর পাইকারিতে প্রতি কেজি গুড় বিক্রি করেন একশো দশ টাকা কেজি।
আনন্দবাজার/এইচ এস কে









