গুরুতর অসুস্থতা ও মৃত্যু ঝুঁকি কমাতে ফাইজারের করোনার ওষুধ ৮৯ শতাংশ কার্যকর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্যাক্সলোভিড নামের মুখে খাওয়ার ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফল পাওয়া গেছে বলে শুক্রবার জানায় কোম্পানিটি। এমনকি ট্রায়ালে মলনুপিরাভিরের চেয়ে ভালো ফল দেখিয়েছে ওষুধটি।
ইতিবাচক ফলাফল পাওয়ায় ওষুধটির ট্রায়াল বন্ধ করে দেয়া হয়েছে। জরুরি ব্যবহারের অনুমোদন পেতে ট্রায়ালের ফল যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থার কাছে পেশ করার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও।
ফাইজারের ওষুধের পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল সামনে আসার পর কোম্পানিটির শেয়ারের দাম ১৩ শতাংশ বেড়েছে। ফাইজার এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে শতকরা ২০ জনের ক্ষেত্রে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে জানা গেছে।
এদিকে ওষুধের কয়েক মিলিয়ন ডোজ পেতে ফাইজারের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে অনুমোদন না পেলেও এরই মধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে এক চুক্তিতে আড়াই লাখ ডোজ নিশ্চিত করেছে যুক্তরাজ্য। এর আগে করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভিরের অনুমোদন দেয় দেশটি।
আনন্দবাজার/শহক









