বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে স্পেন। দেশটির ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডাবিষয়ক পরিবহনমন্ত্রী রাকেল সানচেজ খিমেনেজে এ জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেরও প্রস্তাব করেছেন।
গত মঙ্গলবার দুপুরে স্পেনের পাসেও দে লা কাসতেয়ানায় অবস্থিত ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশটির ট্রান্সপোর্ট মোবিলিটি ও আরবান এজেন্ডাবিষয়ক পরিবহনমন্ত্রী রাকেল সানচেজ খিমেনেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। দুই দেশের মন্ত্রী পর্যায়ের প্রথমবার এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। এবং পাশাপাশি রেলখাতে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। স্পেনকে বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আহবান জানান তিনি।
এর জবাবে দেশটির পরিবহনমন্ত্রী রাকেল সানচেজ বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের রেল সেক্টর সম্পর্কে আরও জানার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের রেল সেক্টর উন্নয়নে নেওয়া মহাপরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নূরুল ইসলাম সুজন।
এসময় বাংলাদেশের রেল সেক্টরে সহযোগিতার বিষয়ে তাৎক্ষণিক আগ্রহ প্রকাশ করেন রাকেল সানচেজ। পাশাপাশি এটি শুরু করার জন্য একটি এমওইউ সাক্ষরেরও প্রস্তাব করেন। এ তথ্য জানিয়েছেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার রেদোয়ান আহমেদ।
রেলমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল গত মঙ্গলবার সকালে স্পেনের রেলওয়ে অ্যাসোসিয়েশনের (মাফেক্স) আমন্ত্রণে রেললাইভ ২০২১ এক্সিবিশনে অংশ নেয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. কামরুল আহসান, যুগ্মসচিব মোহাম্মদ আতিকুর রহমান, উপ-সচিব মো. নাজমুল হক এবং মন্ত্রীর এপিএস রাসেদ প্রধান এবং মাদ্রিদ থেকে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলার রেদোয়ান আহমেদ।
আনন্দবাজার/ টি এস পি









