কুয়াকাটায় রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচী (১৮) নামে এক নারী পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯ টায় ওই হোটেলের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হোটেলের রেজিষ্ট্রার অনুযায়ী মৃত রিচী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানা যায়, গত রবিবার রাত ৯টায় রিচী রায়হান নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন। সোমবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচীর কথা কাটাকাটি হয়। এক পর্যায় তারা দুজনই চারতলা থেকে হোটেলের নিচে নামেন। এসময় হঠাৎ রিচী নিচ থেকে কক্ষে চলে যান। পরে রায়হান গিয়ে হোটেল কক্ষের ভিতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করে হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ ৩ জনের নামে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের হয়েছে। তিন জনকে আটক করে কলাপাড়া আদালে মঙ্গলবার দুপুরে সোপর্দ করা হয়েছে।









