সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একমাত্র সড়কের বেহাল দশায় হাসপাতালে আসা রোগী ও এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে গর্ভবতী, জরুরি অপারেশন ও দুর্ঘটনা কবলিত রাগী জরুরি ভিত্তিতে আনা নেয়ায় খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এরপর যখন তখন ঘটছে ছোটবড় নানাধরনের দুর্ঘটনা। কার্পেটিং উঠে গিয়ে সড়কটিতে সৃষ্টি হয়েছে একাধিক গর্ত ও খানাখন্দ।
সড়কটির পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে দেখা দিচ্ছে জলবদ্ধতা। এতে সড়কটি দিয়ে যানবাহনের পাশাপাশি পায়ে হেঁটে চলাচল করাও দিন দিন বেশ কষ্টসাধ্য হয়ে পড়ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শাহজাদপুর দিলরুবা বাসস্ট্যান্ড থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগামী এলজিইডির সড়কটি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর কয়েক শ' গজ আগে পোতাজিয়া ইউপি ভবনের সামনে প্রায় ৩শ' মিটার রাস্তা খানাখন্দের কারণে প্রায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। পাকা সড়কটির মাঝে মাঝে কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও সড়কের তুলনায় দু'পাশের বসত বাড়িগুলো অধিক উচু হওয়া বৃষ্টির পানি সড়কেই আটকে থাকে। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় দিন দিন বাড়ছে জনদুর্ভোগ।

স্থানীয়রা জানান, এ রাস্তাটি সংস্কার করা না হলে রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়বে কিছুদিনের মধ্যেই। রাস্তাটি বেহাল দশায় পরিণত হলেও সংস্কার করার কোনো উদ্যোগ গ্রহন করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রতিনিয়তই অসংখ্য রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া, রাউতারা, চৌচির, বাইমারা, আঙ্গারু গ্রামের কয়েক হাজার লোক এ সড়ক দিয়ে প্রতিদিন পৌর শহরে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূমুর্ষূ রোগীদের আনা-নেয়া করতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীর স্বজনরা।
ভোগান্তির কথা স্বীকার করে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু বলেন, দীর্ঘদিন হলো সড়কটির বেহাল দশা, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ সড়ক সংস্কার করা সম্ভব না। রাস্তাটি এলজিইডির হওয়ায় কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত এ সড়কের সংস্কার কাজ হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্স সেবা নিতে আসা রোগীসহ সবারই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষের নিকট তিনি দ্রুত সড়কটি সংস্কারের দৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ রফিক বলেন, অতীসত্ত্বর সড়কটি সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শুধু আশ্বাস নয়, জনস্বার্থে সরকারি অর্থ ব্যয় করে নির্মান করা এ রাস্তাটি বর্তমানে জনসাধারণের উপকারের চেয়ে দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারের জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
আনন্দবাজার/শহক








