ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মাটির ফুল সংগঠনের উদ্যোগে মনোমুগ্ধকর লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ প্রাচীন খেলা। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। তাদের মধ্যে ছিল উৎসবের আমেজ।
শনিবার দুপুর থেকেই কেউ হেঁটে আবার কেউবা টমটম সিএনজি কিংবা মোটরসাইকেলে মাঠে আসতে শুরু করেন। সূর্য পশ্চিম দিগন্তে একটু হেলে পড়তেই শুরু হয় খেলা। লাঠিখেলায় কুড়িঘর গ্রামের ২৪টি লাঠিয়াল বাহিনী অংশগ্রহণ করে।
ঢাক, ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগান খেলোয়ারদের। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাটি টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতায় আয়োজন করার দাবি করেন দর্শকরা।
সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান এই অনুষ্ঠানের প্রধান পরিকল্পনাকারীরা। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।









