বিদ্যুৎ সংযোগের জন্য অনলাইনে আবেদন করা গেলেও এখনও এই টেবিল থেকে ওই টেবিলে ঘুরতে হয় গ্রাহকদের। যদিও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। তবে জ্বালানির ক্ষেত্রে ডিজিটাল সেবা না থাকায় ই-বিল বা অনলাইনে গ্যাস বিল দেওয়ার পদ্ধতি চলতি মাসেই চালু করবে তিতাস।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সম্প্রতি উভয় বিভাগের সঙ্গে বৈঠকে করেন। তিনি বলেন, গ্রাহকসেবা আরও বেশি ডিজিটালাইজেশন করা হবে যাতে করে গ্রাহক ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারেন।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, অনেক দিন ধরেই আমরা গ্রাহকবান্ধব ডিজিটালাইজেশনের কথা বলে আসছি। কিন্তু বিতরণ কোম্পানিগুলো তেমন কোন অগ্রগতি দেখাতে পারেনি। কারণ তারা মনে করেন গ্রাহক এখনও ডিজিটাল সেবা গ্রহণে অভ্যস্ত হয়ে ওঠেনি।
এই কর্মকর্তা আরও জানান, গ্রাহক সংযোগ, অভিযোগ ব্যবস্থাপনা ও বিল প্রদান সবখানেই ডিজিটালাইজেশন করা হবে। এতে করে গ্রাহককে এখন থেকে কোথাও যাওয়ারও প্রয়োজন হবে না। বিদ্যুৎ বিভাগ ইতোমধ্যে কমপ্লেইন ম্যানেজমেন্ট নামে একটি মোবাইল অ্যাপস চালুও করেছে।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. মামুন বলেন, এতদিন ডিজিটালি গ্যাস বিল জমা দেওয়া সম্ভব হয়নি। সম্প্রতি রকেট, নগদ ও বিকাশের সাথে আমরা সমঝোতা চুক্তি করেছি। তাই এখন থেকে রকেট, নগদ ও বিকাশের মাধ্যমে গ্যাস বিল দেওয়া যাবে।
আনন্দবাজার/এম.কে









