কুমিল্লার লালমাইয়ে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে এমনটাই জানিয়েছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর আওতাধীন বাগমারা জোনাল অফিস। উপজেলার ৯ ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৪ লক্ষাধিক। ইতিমধ্যে প্রতিটি পরিবারে পৌঁছেছে বিদ্যুৎ। বিদ্যুৎবিহীন নেই একটি পরিবারও।
সূত্রমতে, উপজেলার মোট বিদ্যুৎ গ্রাহক ৭২ হাজার ৬৩৬। এর মধ্যে আবাসিক গ্রাহক ৬২ হাজার ১২০ পরিবার। অন্যান্য গ্রাহকদের মধ্যে রয়েছে বাণিজ্যিক, সেচ ও শিল্প। প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন বাগমারা জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ মোট ৮৭ জন কর্মকর্তা কর্মচারি। এ বিষয়ে বাগমারা পূর্ব-অশ্বখতলা গ্রামের মোহন মিয়া বলেন, রাতের বেলা অন্ধকারে ছেলে-মেয়েরা পড়তে বসতে চাইতো না। তবে বিদ্যুৎ আসাতে ছেলে-মেয়েরা রাতে পড়ালেখা করতে আগ্রহী হয়েছে।
উপজেলার শেষপ্রান্ত পেরুল গ্রামের আবু তাহের টিটু বলেন, পূর্বে গ্রামের বহু পরিবার বিদ্যুৎবিহীন অন্ধকারে থাকতো অথচ এখন আর এ চিত্র দেখা যায়না। প্রতিটি ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গিয়েছে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানাই।
কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক উপজেলার মেহেরকুল দৌলতপুর গ্রামের বাসিন্দা এমদাদুল হক মজুমদার বলেন, শতভাগ বিদ্যুৎতায়নের ফলে নির্দিষ্ট সময়ে কৃষি সেচ সুবিধা, পাশাপাশি ছাত্রছাত্রীদের লেখা পড়ায়ও বিঘ্ন হচ্ছে না। এছাড়াও তৈরি হচ্ছে ছোট ছোট শিল্পকারখানা। চোখে পড়েছে নতুন নতুন উদ্যোক্তাদের। উন্নয়নের পথে হাঁটছে লালমাইবাসি। পল্লী বিদুৎ-২ বাগমারা জোনাল অফিসের ডিজিএম খোরশেদ আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা বির্ণিমানে তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে লালমাই উপজেলাকে শতভাগ বিদ্যুৎতায়ন করা হয়েছে।









