বাহাদুরাবাদ-বালাসী রুট
জামালপরের দেওয়ানগঞ্জ উপজেলায় দীর্ঘ ২২ বছর পর পরীক্ষামূলক ভাবে বাহাদুরাবাদ-বালাসীরুটে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। শনিবার দুপুরে এ সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীর প্রবাহ নিয়ে আমাদের আলোচনা চলছে, এর মধ্যে যমুনা ও তিস্তা নিয়ে কথা চলছে। আলোচনা ফলপ্রসু হলে নদীর নাব্যতা ফিরে আসবে। নাব্যতা ফিরে আসলেই নৌচলা চলে কোনো বাঁধা থাকবে না।
এ সময় বিআইডব্লিওটিআইয়ের চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০০ সালে বাহাদুরাবাদ-বালাসীরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২২ বছর পর পরীক্ষামূলকভাবে নৌ রুটটি আবার চালু হল। জানা যায়, প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে বালাসী ও বাহাদুরাবাদ উভয় পাড়ে টার্মিনাল নির্মানের কাজ ইতিমধ্যে সম্পন্ন। উভয় পাশের টার্মিনাল দুটিতে অফিস ভবন, পাইলট হাউজ, পুলিশ ও আনসার ব্যারাক, ফায়ার সার্ভিস, টুলস ভবন, ড্রাইভার রেষ্টহাউজ, যাত্রী ছাউনি, টয়লেট হাউজসহ ১১টি অবকাঠামো নির্মাণ করা হয়েছে।
এছাড়া নৌ রুটের নাব্যতা স্বাভাবিক রাখার লক্ষ্যে ২৪ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার এলাকায় ড্রেজিং এর কাজ সম্পন্ন করা হয়েছে। এ রুটটি লঞ্চ চলাচলের জন্য সুযোগ সুবিধার সৃষ্টি হয়েছে। লঞ্চ সাভির্স চালু হওয়ায় দেশের উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীসহ পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজসহ নৌ পথে মালামাল পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে।









