রাজধানীর গুলিস্তানে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার বেলা পৌনে ১২ টার দিকে গুলিস্তান মোড় হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম নাইম হাসান। পিতা মোঃ শাহ আলম দেওয়ান ও মা জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজিরখিল দেওয়ানবাড়ী গ্রামে। সে নটরডেম কলেজে পড়ত। তার বয়স ১৭ বছর।
বেলা ১২ টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া কবি নজরুল কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র আমিনুল ইসলাম ফাহিম জানান, গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তায় পায়ে হেঁটে পার হবার সময় গুলিস্তান জিরো পয়েন্ট গামি ময়লা পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আঘাত পায় সে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মো. ফিরোজ নামে এক পথচারী জানায়, দুর্ঘটনার পর কেউ তাকে ধরছিল না। সবাই ভিড় করে দাড়িয়ে ছিল। পরে আমরাই তাকে হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ বাচ্চু মিয়া জানান, দুপুর সোয়া বারোটার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মওদুদ হালদার এ তথ্য নিশ্চিত করে জানান, ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তার চালককে আটক করা হয়েছে।
আনন্দবাজার/শহক








