- সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জার্মান তরুণী
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর নানা আয়োজনে সিলেটে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস। ১৯৫২’র এই দিনে আত্মদানকারী ভাষা শহিদদের পুষ্পশ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গতকাল সোমবার ভোর থেকেই জড়ো হন অগণিত লোকজন। তাদের সাথে শ্রদ্ধাজ্ঞাপনে সামিল হয়েছেন ভিনদেশিরাও। তাদেরই একজন জার্মান তরুণী মাশা স্যুলৎজ।
গতকাল সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে দেখা গেল তার প্রাণবন্ত উপস্থিতি। মাশা কয়েক বছর আগে গবেষণার কাজে সিলেটে আসেন। এরপর থেকে সিলেটেই অবস্থান করছেন তিনি। বাংলাদেশে থেকে এই দেশের ভাষাকে রপ্ত করেছেন ভালোভাবে। ভালোবাসেন সিলেটকেও। এখানকার সংস্কৃতিকর্মীদের সাথে বেশ পরিচয় তার।
গতকাল শহীদ মিনার প্রাঙ্গণে কথা হয় তাঁর সঙ্গে। এসময় তাঁর চোখেমুখে এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়। শুরুতে ইংরেজি ভাষায় পরিচিত হতে গিয়ে বাধা দিলেন মাশা, জানালেন বাংলা ভাষায় ভালো কথা বলতে পারেন তিনি।
দিবসটি সম্পর্কে জানেন কি না- এমন প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাসের সাথে তিনি বললেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে এই দিনে বাঙালি তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে।
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন জানিয়ে তিনি বলেন, এখানে এসে তার খুবই ভালো লেগেছে। তিনি এর আগে যখন সিলেটে ছিলেন প্রতিবারই নানা জাতীয় দিবসে শহিদ মিনার এসেছেন। মহান বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি, বাংলা নববর্ষের নানা আয়োজনে মানুষের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাস দেখতে ভালো লাগে বলেও জানান তিনি। সিলেট কেমন লাগে প্রশ্নের উত্তরে জানান, এই শহরে দীর্ঘদিন তিনি অবস্থান করেছেন। এখানকার পথঘাট আর লোকজন অনেককেই তার চেনা। সিলেট তার খুবই ভালো লাগে।









