নীলফামারী জেলার চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে শিলিগুড়ি-ঢাকা সরাসরি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। বর্তমানে এ রুট দিয়ে পণ্যবাহি ট্রেন চলাচল করছে। যাত্রীবাহীট্রেন চলাচলের জন্য নির্মানাধীন চিলাহাটি আন্তর্জাতিকমানের আইকনিক রেল স্টেশনের ভবনটি বরাদ্দের অভাবে নির্মাণ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেই বন্ধদার খুলে গেছে।
অচিরের এর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের সঙ্গে রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানো হয়েছে। মূল প্রকল্পের অনুমোদিত ব্যয় ছিল ৮০ কোটি ১৬ লাখ টাকা। এখন ব্যয় বেড়ে ১৪০ কোটি ৬৮ লাখ টাকা করা হয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল ছিল আগস্ট ২০১৮ হতে জানুয়ারি ২০২১ নাগাদ। এখন ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে জানুয়ারি ২০২২ সাল নাগাদ মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এখন বরাদ্দ সহ প্রকল্পের মেয়াদ বেড়ে জুন ২০২৩ নাগাদ করা হয়েছে। গত ১৯ এপ্রিল এ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। ওই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের সময় নীলফামারীর চিলাহাটী থেকে ভারতের হলদিবাড়ী পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে রেলপথটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দেশের সরকার। দীর্ঘ ৫৬ বছর বন্ধ থাকার পর ২০২১ সালের ২৭ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে
পুনরায় রেলপথ চালুর ঘোষণা দেন।উদ্বোধনের পর থেকে এ রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল করছে। পাশাপাশি খুব শিগগির এ রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে।
ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়ির দূরত্ব ৫৯৫ কিলোমিটার। এ পথে ঢাকার ক্যান্টনম্যান্ট স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া হবে (১৫ শতাংশ ভ্যাট ও ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্সসহ) এসি বাথ ৪ হাজার ৯০৫ টাকা, এসি চেয়ার ৩ হাজার ৮০৫ টাকা, সাধারণ আসন ২ হাজার ৭০৫ টাকা।









