প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুজল। পায়ে হেঁটেই নদী পার হচ্ছে দুই পাড়ের বাসিন্দারা। মাঝনদীতে জেগে উঠেছে অসংখ্য চর-ডুবোচর। পানিপ্রবাহ কম থাকায় নৌপথ প্রায় বন্ধের পথে। পানির অভাবে নৌঘাটগুলো অনেক দূরে চলে যাচ্ছে নদীর পাড় থেকে। প্রতিদিনেই পানি কমতে থাকায় নাব্যতা সংকটে সরিয়ে নিতে হচ্ছে ঘাটগুলো। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ায় তিস্তা নদী শুকিয়ে এখন রূপ নিয়েছে আবাদি জমিতে।
তিস্তার বুকে জেগে ওঠা ধু ধু বালুচরে এখন সবুজের সমারোহ। শুরু হয়েছে বিভিন্ন ফসলের চাষাবাদ। চরের পলি ও দো-আঁশ মাটিতে চাষাবাদ হচ্ছে পিঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ভুট্টা ও গমসহ নানা জাতের ফসল। কৃষকরাও ব্যস্ত সময় পার করছেন ফসল পরিচর্যায়।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান বলেন, তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ নেই বললেই চলে। এত দিন বেশির ভাগ চরের জমি পতিত ছিল। এখন সেই জমিগুলো চাষাবাদের আওতায় আসছে।
আনন্দবাজার/তাঅ








