- কালিয়াকৈরে বাসিন্দা, শ্রমিক-পথচারীদের মাঝে আতঙ্ক
গাজীপুরের কালিয়াকৈরে তিতাস গ্যাসের পাইপ লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল রবিবার সকাল ৮টায় উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিনিয়ত ওই লাইন থেকে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি তিতাসকে জানানো হলেও তারা ব্যবস্থা নিচ্ছে না। এতে ঝুঁকিতে রয়েছে ওই এলাকার শিল্পকারখানা। আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্রমিক ও পথচারীরা।
জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে একটি সংযোগ সড়ক (শাখা রোড) উপজেলার পল্লীবিদ্যুৎ হয়ে মাটিকাটা রেল লাইনের দিকে সংযুক্ত হয়ছে। এ সড়কের পাশ দিয়ে তিতাস গ্যাসের লাইন রয়েছে। সড়কটি ব্যবহার করে প্রতিদিন বিভিন্ন শিল্পকারখানার হাজার হাজার শ্রমিক তাদের কর্মস্থলে যাতায়াত করছে। সড়কের পাশে অসংখ্য গ্যাস পাইপে লিকেজ রয়েছে।
গত কয়েকদিন আগে ওই এলাকায় ডিভাইন কারখানার সামনে গ্যাস পাইপ লাইন লিকেজ থেকে ভয়াবহ আগুন লেগে যায়। এসময় ওই কারখানার মালবাহী গাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটিতে আগুন ধরলে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিভানো চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েক লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। গত কয়েক মাস ধরেই এ্যাপেজ পোশাক কারখানার সামনে গ্যাস পাইপ লাইনে গ্যাস বের হচ্ছে। বিষয়টি তিতাস গাস কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা। রবিবার সকাল ৮টার দিকে কারখানার সামনে হঠাৎ ওই লিকেজ থেকে আবার আগুন জ্বলে উঠলে সড়ক দিয়ে যাতায়াতকারী ওই কারখানার শ্রমিকেরা আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, কারখানার শ্রমিক ও পথচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ্যাপেজ পোশাক কারখানার উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) রহমতে খোদা জানান, গ্যাস পাইপ লিকেজ থেকে প্রতিদিনি ঘটছে দুর্ঘটনা। তিতাস কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। আমরা খুব চিন্তায় আছি। তিতাস গ্যাস কালিয়াকৈরের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।









