কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ‘ফ্লাই ডাইনিং’ নামের একটি উড়ন্ত রেস্তোরাঁ যাত্রা শুরু করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এ রেস্তোরাঁটির আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন। উড়ন্তাবস্থায় টেবিলে বসে এখানে খাবার গ্রহণ করতে পারবেন পর্যটকরা।
রেস্তোরাঁটির উদ্বোধনীতে জানানো হয়েছে, সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে অত্যাধুনিক মেশিনের ক্রেনের সাহায্যে সৈকতের ভূপৃষ্ঠ থেকে ১৬০ ফুট উঁচুতে এ রেস্টুরেন্টে থাকবে খাওয়া-দাওয়ার ব্যবস্থা। ফলে পর্যটকরা পাবেন মেঘের রাজ্যে বসে আপ্যায়িত হওয়ার এক রুমাঞ্চকর অনুভূতি। আধুনিক জগতের এমন ব্যতিক্রম আয়োজন কক্সবাজারের পর্যটন আবহ পাল্টে দেবে। আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ইউর ট্রাভেলস লিমিটেড’ দেশের প্রথম ডিজিটাল পদ্ধতির এই ‘ফ্লাই ভাইনিং’ নির্মাণ করেছে।
রেস্তোরাঁটির আয়োজকরা জানিয়েছেন, ২০ জনের ধারণক্ষমতা সম্পন্ন ‘ফ্লাই ডাইনিং’ রেস্টুরেন্টটি মাটি থেকে সৈকতের আকাশে ১৬০ ফিট উপরে তুলে চতুর্দিক ঘুরতে ঘুরতে ক্রেতাদের খাবার পরিবেশন করবে। এ সময় আকাশ থেকে উপভোগ করা যাবে সৈকত ও আশপাশের দৃশ্যও। এতে জনপ্রতি খচর পড়বে সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সাড়ে ৮ হাজার টাকা (খাবারসহ)।
পাটাতনে ওঠা, আকাশে উড্ডয়ন এবং অবস্থান ও নেমে আসার সময়সহ প্যাকেজের সময় এক থেকে দেড় ঘণ্টা। পরিবারসহ বিনোদন ও খাওয়ার ব্যবস্থাপনায় থাকবেন বিখ্যাত রন্ধন শিল্পী টনি খান।
সুগন্ধা পয়েন্টের হোটেল সী প্রিন্সেসের পাশের প্লটে বসার পর্যাপ্ত স্থান রেখে ‘ফ্লাই ডাইনিং’ রেস্তরাঁ ও কিচেন চালু করা হয়েছে। রেস্তরাঁর পশ্চিম পাশের খালি স্থানে বসানো হয়েছে একটি ক্রেন। এবং একটি বিশেষ পাটাতনে ২০ জন ধারণক্ষমতার চেয়ার, টেবিল ও উপরে ছাতার মতো এক ধরনের ছাদ দিয়ে চারপাশ খোলা রাখা হয়েছে।
সেই পাটাতনের মাঝখান ও চারপাশে এ্যালোমোনিয়াম ও স্টিলের সমন্বয়ে তৈরি বিশেষ তার ক্রেনের মাথায় লাগিয়ে সংযুক্ত করা হয়েছে। মাটিতে থাকা কিচেনে পছন্দ মতো খাবার অর্ডার করে ‘উড়ন্ত পাটাতনে’ পরিবেশন সুবিধা নিতে পারছেন গ্রাহকরা।
উদ্বোধনী দিনে আকাশে উঠে খাবার উপভোগ করা কয়েকজন পর্যটক জানান, এ এক অন্যরকম অনুভূতি। পাটাতনের চেয়ারে বিমানের মতোই লাগানো সিট বেল্টে প্রথমে নিজেকে আটকানো হয়। পরে আকাশে যাত্রার শুরুতে একটু ভীতি কাজ করলেও ওপরে ওঠার পর আনন্দে সব ভুলে যাই। ওপর থেকে পুরো সৈকতের ঢেউ এবং কক্সবাজারের পাহাড়, আশপাশ এবং ভবনগুলো বিমোহিত দৃশ্যে ধরা দেয়। এটা পর্যটনে বিনোদনের জন্য নতুন সংযোজন হিসেবে গণ্য হবে।
আনন্দবাজার/ টি এস পি









