সিলেট শহরের ৭৩ শতাংশ যুবক তাদের চাহিদামত কাজ পান না বলে বলছে গবেষণা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও এশিয়া ফাউন্ডেশন পরিচালিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে।
‘প্রান্তিক যুবসমাজের কর্মসংস্থান সরকারি পরিষেবার ভূমিকা’ শিরোনামে এই গবেষণার ওপর মঙ্গলবার স্থানীয় এক হোটেলে আলোচনা হয়। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন, যাঁদের বেশির ভাগই বয়সে তরুণ।
গবেষণায় আরও বলা হয়, শতভাগ বস্তিবাসী যুবগোষ্ঠী, প্রায় শতভাগ ক্ষুদ্র জাতিসত্তার যুবগোষ্ঠী এবং ৮ শতাংশ মাদ্রাসাশিক্ষার্থীর পরিবারের বসতভিটা নেই। প্রান্তিক জনগোষ্ঠী প্রায়ই উচ্ছেদের হুমকির মুখে থাকতে হয়। ৭ শতাংশ বস্তিবাসী ও তার পরিবার বাসস্থান থেকে উচ্ছেদের শিকার হয়েছে। এর ফলে যুবকদের শৈশবজীবন অনিশ্চয়তার মধ্যে কাটে।
সমতলের ক্ষুদ্র জাতিসত্তার লোকজন ও সিলেটে শহুরে যুবগোষ্ঠীর প্রায় ৫০ শতাংশই মনে করেন, তাঁদের স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের মানের অর্ধেক। মতামত প্রদানকারীদের ৬০ শতাংশ মনে করেন, স্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মানের অর্ধেক।
গবেষণায় আরও বলা হয়, পিছিয়ে পড়া প্রান্তিক যুবগোষ্ঠীর কর্মসংস্থানে চারটি চ্যালেঞ্জ আছে। এগুলো হলো জীবন ও জীবিকা, শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সরকারি উদ্যোগ কম।
আনন্দবাজার/জায়েদ









