বাগেরহাটের রামপালে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রামপাল উপজেলার শ্রীরম্ভা এলাকার ইস্রাফিল গাজীর বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটি উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটি উদ্ধার করতে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছেছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটিকে উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে পৌছেছি। কুমির যেহেতু হিংস্র প্রাণী সতর্কতার সাথে কুমিরটিকে গাড়িতে তুলতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিকাল নাগাদ আমরা কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করতে পারব।
এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পরে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয়।









