করোনায় সারাদেশে বন্ধ থাকা দোকান পাট ও শপিংমল ১০ মে থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও এবার ঈদে বন্ধ রাখা হচ্ছে বসুন্ধরা শপিংমল। এমন সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বুধবার এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। ফেসবুকে তিনি লিখেছেন- “করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের জীবনের কথা চিন্তা করে ঈদ বাজারে খুলবে না বসুন্ধরা শপিং মল। এ সিদ্ধান্ত বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের।”
এদিকে রমজান ও ঈদ সামনে রেখে শর্তসাপেক্ষে আগামী ১০ মে থেকে দোকান-পাট ও শপিংমল খোলার নির্দেশনা দিয়েছে সরকার।
নির্দেশনায় বলা হয়, সারাদেশের দোকানপাট, শপিংমলগুলো আগামী ১০ মে থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। সেক্ষেত্রে প্রতিটি শপিংমলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত সতর্কতা প্রয়োগ করতে হবে।
আনন্দবাজার/শহক









