নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে মেঘনা নদীর ওপারে নুনেরটেক এলাকায় অবস্থিত মায়াদ্বীপ।এটি উপজেলা সদর থেকে প্রায় ৭কিলোমিটার দূরে অবস্থিত। প্রাকৃতিক লীলাভূমি নুনেরটেকের এই মায়াদ্বীপ খ্যাত এলাকাটির চারদিক নদী বেষ্টিত অপরূপ সৌন্দর্য ভাসছে মেঘনা নদীর বুকে।
শনিবার(২৭জুন) সকালে উপজেলার নুনেরটেকের মায়াদ্বীপে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, বালু সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা, পর্যটকদের পথ সুগম ও দৃষ্টিনন্দনের জন্য সাড়ে ৭শ বৃক্ষ রোপণ করেছে উপজেলা প্রশাসন। ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এ বৃক্ষ রোপণ করা হয়েছে। সংগঠনগুলোর প্রায় দেড় শতাধিক স্বেচ্ছাসেবী কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, মেহগনি-সহ বিভিন্ন ফলদ ও বনজ বৃক্ষ রোপন করেন।
এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “আত্নপ্রকাশ”র সভাপতি রোবায়েত হোসেন শান্ত বলেন, মেঘনা নদীর মাঝখানে সোনারগাঁয়ের অবহেলিত মায়াদ্বীপ খ্যাত নুনেরটেক এলাকায় বৃক্ষরোপণের এমন পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবীদার এবং এই চমৎকার উদ্যোগের জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এলাকাবাসী জানায়, দীর্ঘ সময় ধরে নুনেরটেক এলাকার বালু সন্ত্রাসীদের বালু উত্তোলনের ফলে বিস্তৃর্ণ এলাকা বিলীন হয়ে যাচ্ছে। তাই বৃক্ষরোপন করে রক্ষনাবেক্ষন ও দ্বীপটির সৌন্দর্য বৃদ্ধি করতে পারলেই আমাদের ঐতিহাসিক সোনারগাঁ পর্যটকদের জন্য আরো আকর্ষনীয় হয়ে উঠবে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুল ইসলাম বলেন, নুনেরটেক মায়াদ্বীপ অপার সৌন্দর্য্যরে লীলাভূমি। এর সৌন্দর্য্য কিভাবে আরো বাড়ানো যায় সেই লক্ষ্যেই সোনারগাঁয়ের ২৬ টি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের ডাকে সাড়া দিয়েছে। বৃক্ষ রোপন করার ফলে এই এলাকার মানুষজন অত্যন্ত খুশী হয়েছেন। তিনি বলেন, নুনেরটেক এলাকাটি কেয়ারটেকারের মাধ্যমে এখন থেকে সবসময় প্রশাসনের নজরদারীতে থাকবে। সেই সাথে এখন থেকে বালু সন্ত্রাসীরা যাতে মেঘনা নদীর বালু কেটে মায়াদ্বীপকে ধ্বংস করতে না পারে সে লক্ষ্যে সোচ্চার থাকবে উপজেলা প্রশাসনকে।
বৃৃৃক্ষ রোপনে অংশগ্রহনকারী সংগঠনগুলো হলো পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি(উদ্যোক্তা), বিকাশিত নারী, আলোর দিশারী সংসদ (হামছাদী),প্রত্যাশা ফাউন্ডেশন, সনমান্দী জনকল্যাণ সংস্থা, বিডি ক্লিন, স্বপ্নের সোনারগাঁও, ব্রাইট সোনারগাঁও, মানবতার ডাক, কাচঁপুর জনকল্যাণ সেবা সংঘ, শায়ক আবু তাওয়ামা ছাত্র সংসদ, নবচেতনা যুব সংসদ(জৈনপুর), বারদী জনকল্যাণ পরিষদ, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন, কাচঁপুর বেহাকৈর সমাজ কল্যান সংস্থা, আলোকিত বিষ্ণাদী, আলোকিত বাড়ীমজলিস,সোস্যাল এইডার ডেভেলপমেন্ট, বাংলাদেশ মানব কল্যান যুব সংঘ, সোনাপুর কলাবাগান সমাজ কল্যান সংস্থা, ব্লাড ফর নারায়ণগঞ্জ, সোনারগাঁ ব্রাদার্স জোন, আত্মপ্রকাশ সোনারগাঁ, পথশিশু ও দারিদ্র ফাউন্ডেশন, মানব কল্যান সংস্থা (হামছাদী) ও পঞ্চমী ঘাট পাবলিক লাইব্রেরি।
আনন্দবাজার/এফআইবি









