- ধান-সবজির চেয়ে লাভ দ্বিগুণ
স্বাস্থ্যের জন্য অধিক ঝুঁকিপূর্ণ তামাক। এতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। তামাকের রয়েছে ক্ষতিকর সুদূরপ্রসারি প্রভাব। এরপরও অধিকফলন ও বাজারদর বেশি হওয়ায় দেশের অন্যজেলার মত নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দিন দিন বেড়েই চলেছে ক্ষতিকর তামাকচাষ। অনেক চাষি এ তামাকের চাষের কুফল সম্পর্কে জানেন না।
জেলার কেন্দুয়া উপজেলার চিরাং, দুল্লী, বৈরাটী, ছিলিমপুরসহ বেশ কয়টি এলাকার চাষিরা তামাক চাষ করেন। ক্ষতিকর এ তামাকচাষের সঙ্গে জড়িত বদরুল ইসলাম বলেন, ধান ও সবজি চাষ করে লাভের পরিবর্তে অনেক সময়ই লোকসান গুণতে হয়। তবে তামাকচাষে কখনও লোকসান হয় না। নগদ টাকায় বিক্রি হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হয়।
আর আমাদের পূর্ব পুরুষ থেকেই আমরা তামাক চাষ করে আসছি। এতে আমাদের কোনো ক্ষতি হয় না। বরং তামাক চাষে আমরা দ্বিগুণ আয় করে থাকি। কৃষি অফিস থেকেও তামাক চাষের ক্ষতিকর দিক তুলে ধরে তা আবাদ করতে নিষেধ করেনি আমাদের।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের ডাক্তার রুহুল আম্বিয়া পলাশ প্রতিবেদককে জানায়, এটি শিশু, বৃদ্ধসহ মানবদেহের জন্য মারাত্বক স্বাস্থ্যঝুঁকির কারণ।
নেত্রকোণার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এফ এম মোবারক আলী বলেন, নেত্রকোণা জেলায় তামাক চাষ হচ্ছে এটা আমি প্রথম শুনলাম। অতি শিগগিরই এ ক্ষতিকর তামাক চাষ বন্ধ করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবো। ওই এলাকার কৃষকরা যাতে তামাকের বিকল্প ফসল উৎপাদনে মনোযোগি হয় সে জন্য তাদের পরামর্শ দেওয়া হবে।
আনন্দবাজার/এম.আর








