দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অপরাধবিষয়ক সাংবাদিক আসাদুল্লা লায়নের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকার নর্থ বেঙ্গল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলাকারীরা লায়নের আরোহিত মটরসাইকেলের ওপর প্রাইভেটকার তুলে দিয়ে তাকে হত্যার চেষ্টা করে। এ সময় লায়ন সোহানুর রহমান নামের অপর বন্ধুর মটরসাইকেলে ছিলেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডায়রি করা হলেও পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতারে তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না।
লায়ন জানান, তিনি ও তার বন্ধু একটি কাজে গাজীপুরে গিয়েছিলেন সেখানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা ও টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে।
সাংবাদিক লায়নের সঙ্গে কথা বলে জানা যায়, তার ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ৪ ব্যক্তিকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নাম্বার ৪৮৮। তবে অপরাধীদের গ্রেফতার বা শণাক্তের ব্যাপারে পুলিশের তেমন কোন পদক্ষেপ চোখে পড়ছে না।
ডায়রিতে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত কাজে ঢাকা থেকে কালিয়াকৈর যাওয়ার পথে নর্থ বেঙ্গল ফিলিং স্টেশন’ মোটরসাইকেলে তেল নেওয়া সময় বিপরীত দিক থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২২৫০২৮) দ্রুতগতিতে এসে তার মোটরসাইকেলটি চাপা দেয়ার চেষ্টা করে। এ সময় তার বন্ধু সোহান মটরসাইকেল থেকে নেমে ঠেকানোর চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে দুর্বৃত্তরা। এ সময় তাদের দুইজনকেই মেরে ফেলার হুমকি দিতে থাকে সন্ত্রাসীরা। একপর্যায়ে ‘তোদের দেখে নেব, মাইরা ফালাবো’ বলে হুমকি দেওয়া হয়। পরে ঘটনাস্থলে স্থানীয়রা ও পুলিশ আসার খবর পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে আসাদুল্লা লায়ন বলেন, আচমকা আমাদের ওপর হামলা চালায় কয়েকজন সন্ত্রাসী। এক পর্যায়ে ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করা হয়। পরে ভিডিও রেকর্ড ও স্থানীয়দের বর্ণনায় পুলিশ জড়িতদের শনাক্ত করে। তার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খানকে লায়নের ওপর হামলাকারীদের শনাক্ত হয়েছে কিনা বা দুর্বৃত্তদের প্রতি কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে দৈনিক আনন্দবাজারের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা এ বিষয়ে একজন সাব-ইন্সপেক্টরকে তদন্তের দায়িত্ব দিয়েছি। প্রতিবেদন আসলে ব্যবস্থা নেব। কেননা আমাদের একটি নীতিমালার আলোকে চলতে হয়।
কবে নাগাদ প্রতিবেদন দেয়া যাবে এমন প্রশ্নের জবাবে আকবর আলী খান বলেন, কাজ করা হচ্ছে দেখি কি রিপোর্ট আসে?
আসাদুল্লা লায়ন ইংরেজি দৈনিক পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর ঢাকা অফিসে অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ করছেন। এর আগে তিনি দৈনিক বণিক বার্তা, সারাবাংলা ডটনেটসহ একাধিক গণমাধ্যমে কর্মরত ছিলেন।
আনন্দবাজার/শহক









