এটা এখনও নিশ্চিত নয় যে কোভিড-১৯ এর জীবাণু মানবদেহের বাইরে কতক্ষণ বাঁচতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে আরো যেসব করোনাভাইরাস রয়েছে যেমন সার্স ও মার্স, এগুলো লোহা, কাঁচ এবং প্লাস্টিকের গায়ে ৯ দিন পর্যন্ত বাঁচতে পারে।
আবার কোনো কোনো ভাইরাস ঠাণ্ডা জায়গায় ২৮ দিনের বেশিও বেঁচে থাকে।যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথের একজন ভাইরোলজিস্ট নিলৎজেফান ডোরমালেন তার সহকর্মীদের নিয়ে গবেষণা চালিয়ে দেখেছেন কাশি দেওয়ার পর থেকে ড্রপলেটে ভাইরাসটি তিন ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে।
ক্ষুদ্র ড্রপলেট, যার আকার ১ থেকে ৫ মাইক্রোমিটার সার্স ভাইরাস কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকে।তবে গবেষণায় দেখা গেছে কোভ-২ ভাইরাস কার্ডবোর্ডের মতো শক্ত জিনিসের ওপর ২৪ ঘণ্টা আর প্লাস্টিকের জিনিসের গায়ে দুই থেকে তিন দিনও বাঁচতে পারে।
গবেষণা অনুযায়ী, ভাইরাসটি দরজার হাতল, প্লাস্টিক ও লেমিনেটেড ওয়ার্কটপ ও কঠিন বস্তুর ওপর দীর্ঘ সময় বেঁচে থাকতে সক্ষম। আর কপারের কোন জিনিসে পড়লে চার ঘণ্টা পর্যন্ত বাঁচে।
বিজ্ঞানীদের মতে, কোভিড-১৯ এর জন্যে দায়ী ভাইরাসটি কতক্ষণ বেঁচে থাকতে পারে তা নির্ভর করে এটি কোন জাতীয় বস্তুর গায়ে পড়েছে তার ওপর।এছাড়া দরজার শক্ত হাতল, লিফটের বাটন এবং কিচেন ওয়ার্কটপের মতো শক্ত জিনিসের গায়ে প্রায় ৪৮ ঘণ্টা টিকে থাকলেও কাপড়ের মতো নরম জিনিসের গায়ে এটি এতো লম্বা সময় বাঁচতে পারে না।
ফলে আপনি যে কাপড়টি পরেছেন তাতে যদি ভাইরাসটি থাকে, জামাটি একদিন কিম্বা দুদিন না পরলে সেখানে ভাইরাসটি আর জীবিত থাকবেনা।মনে রাখা জরুরি, কোভিড-১৯ এর ভাইরাসটি লেগে আছে এমন জিনিসে শুধু স্পর্শ করলেই আপনি আক্রান্ত হবেন না।
স্পর্শ করার পর আপনি যদি হাত দিয়ে মুখ, নাক অথবা চোখ স্পর্শ করেন তাহলেই এই ভাইরাসটি আপনার শরীরে প্রবেশ করবে। তাই ভাইরাসটি প্রতিরোধে গুরুত্বপূর্ণ একটি করণীয় হচ্ছে হাত দিয়ে মুখ স্পর্শ না করা।
নির্মূলের উপায়
গবেষণায় দেখা যায়, করোনাভাইরাসকে এক মিনিটেই নিষ্ক্রিয় করা সম্ভব। ৬২-৭১% এলকোহল মিশ্রিত তরল পদার্থ দিয়ে যেকোনো জিনিসকে করোনামুক্ত করা সম্ভব। ০.৫ শতাংশ হাইড্রোজেন প্রিঅক্সাইড এবং ০.১% সোডিয়াম হাইপোক্লোরাইট মেশানো ব্লিচ দিয়েও করোনাভাইরাস নির্মূল করা যাবে। উচ্চ তাপমাত্রা ও আদ্রতার কারণেও করোনাভাইরাসের দ্রুত মৃত্যু হতে পারে। সার্সের জন্যে দায়ী করোনাভাইরাস ৫৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বাঁচতে পারে না।
আনন্দবাজার/তা.তা









