শিগগিরিই হিলি স্থলবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মান কাজ শুরু হবে। বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বাড়াতে সবধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আমদানি রফতানি বাণিজ্য ও রাজস্ব আয় বৃদ্ধিসহ বন্দরের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, পাসপোর্টধারী যাত্রীরা যেনো হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এনবিআর চেয়ারম্যানের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল হিলি স্থলবন্দর পরিদর্শনে গেলে তাকে কাস্টমস, বন্দর ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রথমেই তিনি হিলি স্থলবন্দরের চেকপোষ্ট গেট, কাস্টমসের ব্যাগেজ কার্যক্রম, ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি কাস্টমসের ভবন নির্মাণের জন্য ক্রয়কৃত জায়গা পরিদর্শন শেষে হিলিস্থলবন্দর পরিদর্শন করেন। পরে তিনি বন্দরের সভাকক্ষে স্থানীয় কাস্টমস, বন্দর ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।
এ সময় সেখানে কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার শওকত আলী সাদী, কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, কর কমিশনার ইকবাল হোসেন, রাজস্ব বোর্ডের সদস্য আব্দুল হান্নান শিকদার, হিলি স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এম.আর









