জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে আর আন্দোলন না করার আশ্বাস দিয়েছেন আলেমরা। শুরু হওয়া আলোচনা চলবে, আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট অস্থিরতা নিরসনে সোমবার (১৪ ডিসেম্বর) রাতে দেশের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকের বিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান।
হেফাজতে ইসলামের নেতাসহ কওমি আলেমরা ঢাকার ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে আসছিলেন। এর মধ্যে গত ৪ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধানমন্ডিতে আমার বাসভবনে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি ও আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে দেশের ১২ জন শীর্ষস্থানীয় আলেম একসঙ্গে বসি এবং মতবিনিময় করি। সেই সভায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা মাহফুজুল হক, ওবায়দুল রহমান নদভী, মাওলানা মো. নুরুল ইসলামসহ ১২ জন আলেম উপস্থিত ছিলেন। আমাদের ধর্ম প্রতিমন্ত্রী (ফরিদুল হক খান), ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও আমাদের অতিরিক্ত সচিবরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ৫ ডিসেম্বর সারাদেশের শীর্ষস্থানীয় আলেমরা মাহমুদুল হাসানের ডাকে এক হয়েছিলেন। সেখানে তারা অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি পত্র তারা প্রেরণ করেছিলেন, সেই পত্রের কপিও তারা আমাদের দিয়েছেন। সেটার বিষয়ে আলাপ-আলোচনার বিষয়েই আমাদের ওখানে গিয়েছিলেন। একটা ফলপ্রসূ আলাপ হয়েছে।
তিনি আরও বলেন, সিদ্ধান্ত এই রকমই আমরা যেসব আলাপ করেছি, এগুলো নিয়ে আরও আলাপ হবে। আমরা মনে করি, আলাপের মাধ্যমে আমরা সমস্ত সমস্যা সমাধান করব। আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব।
আনন্দবাজার/ডব্লিউ এস









