তফসিল মোতাবেক আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবার জেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাথে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নকে সংযুক্ত করা হয়েছে। এনিয়ে অবশ্য গত ১৬ জুন জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সীমানা নির্ধারণী সংশোধনীও প্রকাশ করা হয়েছে।
গত ২৩ আগস্ট নির্বাচন কশিমন বগুড়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলার একটি সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী কৌশলে প্রচারণা চালাচ্ছেন। তারা বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে গণসংযোগ ও মোবাইল ফোনে যোগাযোগ করে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন। এবার তাদের নিজ উপজেলার পাশাপাশি গোবিন্দপুর ইউনিয়নের ভোটারদেরও মন জয় করে ভোটে জেতার লড়াই করতে হবে। তবে বিএনপি, জাতীয়পার্টি বা অন্য কোনো দলের প্রচারণা চোখে পড়েছেনা।
আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য উপজেলার একাধিক নেতাকর্মী চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। তারা হলেন, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মঞ্জু আরা বেগম, জেলা পরিষদের সাবেক সাধারণ সদস্য ও সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এসএম জাহিদুল বারী ও উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আবু রেজা খান।
উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, জেলা পরিষদ নির্বাচনে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান, দু’জন ভাইস চেয়ারম্যান, সান্তাহার পৌরসভা, সান্তাহার ইউনিয়ন, আদমদীঘি, ছাতিয়ানগ্রাম, কুন্দগ্রাম, চাঁপাপুর ও নসরতপুর ইউনিয়ন এবং নতুন সংযুক্ত গোবিন্দপুর ইউনিয়ন মিলে মোট ভোটার সংখ্যা ১০৭ জন। তাদের ভোটে এই সদস্য নির্বাচিত হবেন।









