নওগাঁর মহাদেবপুর উপজেলা থেকে ফেনীতে পরিবহনের সময় উধাও হওয়া প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ২৪২ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পাবনা জেলার চাটমোহর ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকার চাল কল এবং দোকানে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় দু’জনকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা পুলিশ।
এরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামের জনাব আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও আটঘরিয়া উপজেলার কুমারেশ্বর গ্রামের ছৌমুদ্দিন প্রামানিকের ছেলে শাহাজান আলী প্রামানিক (৫০)।
গতকাল রোববার দুপুরে থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ। তিনি জানান, পহেলা ডিসেম্বর উপজেলার আখেড়া এলাকার ওসমান এগ্রো ইন্ডাস্ট্রিজ এর গোডাউন থেকে একটি কাভার্ডভ্যানে ২৮০ বস্তা পাইজাম চাল ফেনী জেলার ইসলামপুর রোডের মেসার্স এবি সিদ্দিকি ট্রেডার্সের নামে পাঠান। সেই চাল ফেনীতে পৌঁছেনি এবং কাভার্ডভ্যানের চালক ও মালিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে গত চার ডিসেম্বর ভুক্তোভোগী আবু নাসিম মশিউর রহমান বকুল থানায় মামলা দায়ের করলে পুলিশ চাল উদ্ধার করে দুইজনকে আটক করে।
আনন্দবাজার/এম.আর









