রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। গতকাল মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১২টার দিকে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়।
আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক, দীপ্ত টিভির সাংবাদিক আসিফ সুমিত, তার ক্যামেরাপারসন ইমরান লিপু, এসএ টিভির রিপোর্টার তুহিন ও ক্যামেরা পারসন কবির হোসেন, মাই টিভির রিপোর্টার ড্যানি দ্রোং, আরটিভির ক্যামেরাপারসন সুমন দে, ডেইলি স্টারের ফটোগ্রাফার প্রবীর এবং আজকের পত্রিকার রিপোর্টার আল আমিন রাজু।
আহতদের মধ্যে রয়েছেন— সাজ্জাদ, সেলিম, রাজু, কাওসার, রাহাত, আলিফ, ইয়াসিন, রুবেল ও রাজু। আহতদের অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
হামলার শিকার শাহেদ শফিক বলেন, আমরা ঘটনাস্থল থেকে সামান্য দূরত্বে দাঁড়িয়ে খবর সংগ্রহের কাজ করছিলাম। এসময় দেখতে পাই দীপ্ত টিভির রিপোর্টারকে ঘিরে ধরে বেদম প্রহার করছে কয়েকজন হকার। এরপর আমরা এগিয়ে গিয়ে তাকে রক্ষার চেষ্টা করতে গেলে তারা আমাদেরও মারধর করে।
এর আগে গত সোমবার রাত ১১টার দিকে নিউ মার্কেটে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে মার্কেটের দোকানদারের কথা কাটাকাটি হয়। এ সময় শিক্ষার্থীদের ব্যবসায়ীরা মারধর করে। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউ মার্কেট এলাকায় এসে ভাঙচুরচালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেই ঘটনার জেরে আজ মঙ্গলবারও সকাল থেকে নিউমার্কেট এলাকায় সংঘর্ষ শুরু হয়।









