খুলনার পাইকগাছার রাড়ুলীতে সাপের কামড়ে আফছার আলী গাজী (৪৩) নামে কেশবপুরের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার উপজেলার কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাপুড়ের কাছে থাকা পোস্ট কোর্ড কার্ড সূত্রে জানা যায়, সে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, মঙ্গলবার সকালে সে উপজেলার কাঠিপাড়ায় বিষধর সাপের সন্ধান পেয়ে সেটি ধরতে আসে। এরপর সাপ ধরার সময় তাকে ছোবল দিলে তিনি নিজেই চিকিৎসার জন্য পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় কর্তব্যরত চিকিৎসক প্রশান্ত কুমার মন্ডলরোগীর অবস্থা আংশকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর সরকারি এ্যাম্বুলেন্সযোগে খুলনা যাওয়ার পথিমধ্যে সাতক্ষীরার তালা এলাকায় পৌঁছালে মঙ্গলবার রাতেই তার মৃত্যু হয়।
এব্যাপারে উপজেলার কাঠিপাড়া এলাকায় ব্যাপক খোঁজ নিলেও তিনি ঠিক কাদের বাড়িতে সাপ ধরতে এসেছিলেন তা কেউ বলতে পারেননি।
সর্বশেষ এ্যাম্বুলেন্স ড্রাইভার রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার ওই সাপুড়েকে চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। এরপর তার লাশ নিজ বাড়ি অর্থাৎ কেশবপুরের সাগরদাড়ীর কোমরপুরে পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।









