কুড়িগ্রামের উলিপুর পৌরসভার সদর এলাকায় পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কয়েক দিনের ভারী বর্ষণের কারণে প্রায় দেড় শতাধিক বাড়ির উঠানে পানি জমে আছে। ফলে গরু ছাগল ও শিশুদের নিয়ে খুব কষ্টে বসবাস করছেন এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষকে বহুবার বলা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
জানা যায়, গত কয়েক দিন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে পৌরসভার সদর ৬ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া গ্রামের অধিকাংশ বাড়িতে পানি জমে আছে। এমনকি ঘরের বারান্দা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। বহু পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাড়ির উঠানে পানি জমে থাকায় রান্না করার চুলা ঢুবে যাওয়ায় পরিবার গুলো পড়েছেন চরম দূর্ভোগে।
ওই এলাকার জাহাঙ্গীর আলম বলেন, গত কয়েকদিন ধরে ২টি গরু নিয়ে খুবই বেকায়দায় আছি। বাড়ির উঠানে ও গরুর গোয়ালঘরে পানি উঠেছে। ফলে গরু নিয়ে খুব কষ্টে আছি। বিষয়টি পৌরসভার কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা গ্রহন করেনি। এদিকে পৌর শহরের অনেক রাস্তায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিলে পৌর কর্র্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেন না বলে অভিযোগ রয়েছে।
উলিপুর পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান সদর এলাকায় জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, ওই এলাকায় সকলের সঙ্গে কথা বলে অস্থায়ী ভিত্তিতে পাইপ বসিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পরবর্তীতে স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা করা হবে।
আনন্দবাজার/সেলিম









