মুজিববর্ষ ও পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সারাদেশে কম মূল্যে তেল, চিনি, ছোলা, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করছে বাণিজ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টিসিবি। কিন্তু ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এসব পণ্য পাচার হচ্ছে কালোবাজারে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের এ সময়ে গোটা দেশ যখন সংকটকাল পার করছে তখন একশ্রেণির অসাধু ব্যবসায়ী, ডিলার ও টিসিবির কর্মকর্তার যোগসাজশে নিম্ন আয়ের মানুষের জন্য খোলাবাজারে বিক্রির বরাদ্দকৃত পণ্য কালোবাজারে পাঠিয়ে দিচ্ছে। এ বিষয়ে টিসিবির নিজস্ব কোনো তদারকি নেই। তবে প্রশাসনের সহযোগিতায় কালোবাজারির অভিযোগ প্রমাণিত হওয়ার ফলে দুই দিনে আট ডিলারের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্তসহ জরিমানা করেছে টিসিবি কতৃপক্ষ।
টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (২২ এপ্রিল) মাদারীপুরের ক্যাম্প অফিসের অধীনে মাদারীপুরের রাজৈর বাজারের মেসার্স কবিরাজ এন্টারপ্রাইজের মালিক গোলাম রাব্বিসহ গোপালগঞ্জের মুকসুদপুরের মেসার্স নিলু স্টোরের মালিক নিলু সরদারের ডিলারশিপ বাতিল করেছে টিসিবি। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানের জামানত বাজেয়াপ্ত করা হয়। এভাবে দেশের বিভিন্ন জায়গায় ৮ টি প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল হয়েছে।
এ বিষয়ে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রশাসনের সহযোগিতায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে তদারকি জোরদার করা হয়েছে। কোনো অনিয়ম বা অবৈধ মজুতের সন্ধান পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আনন্দবাজার/তা.তা









