করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাধারণ ছুটি বাড়ানো না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে সেপ্টেম্বরের আগে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। সেটাকেই তারা যথাযথ দিকনির্দেশনা বলে মনে করছেন। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বিদ্যমান অবস্থায় রাখা এবং ছাত্রছাত্রীদের বাসায় রেখে লেখাপড়ার ব্যবস্থা বা বিকল্প পাঠদানের চিন্তাভাবনা চলছে।
তারা আরও জানিয়েছেন, নতুন করে সরকারি সাধারণ ছুটি বাড়ানো না হলেও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে সকল স্কুল-কলেজ, কারিগরি-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে এমন সিদ্ধান্ত নেয়া হবে। সব কিছু চিন্তা-ভাবনা করে ঈদের ছুটি শেষ হওয়ার আগেই ছুটি বাড়ানোর ঘোষণা দেয়া হবে। ২৮ মে’র মধ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং ৪ জুনের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরবর্তী পরিকল্পনা জানানো হতে পারে বলে জানা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ছুটি বাড়ানোর বিষয়ে আমাদের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের ভালোর জন্য পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি পর্যালোচনা চলছে। এ সপ্তাহের মধ্যে পরবর্তী ঘোষণা আসবে।
আনন্দবাজার/টি এস পি









