সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দাঙ্গা সৃষ্টির অভিযোগে রাজশাহীতে দুই যুবককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান মঙ্গলবার (১ নভেম্বর) এই রায় ঘোষণা করেন।
২০২১ সালের আগস্ট মাসের এক তারিখে অন্যর নাম দিয়ে ভুয়া একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে আসামিরা ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মূলত দুটি ধর্মের মানুষদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য হওয়ায় সে সময় তাদের গ্রেফতার করে পুলিশ। বিচার শেষে আদালতের বিচারক আজ (মঙ্গলবার) রায় ঘোষণা করেন। সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।
ইসমত আরা জানান, রায়ে দুই আসামির কয়েকটি ধারায় পাঁচ বছর করে মোট ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এই সাজা একটার পর একটা কার্যকর হবে। জরিমানা করা ১৫ লাখ টাকা অনাদায়ে আসামিরা আরও দেড় বছর সাজাপ্রাপ্ত হবে।
আনন্দবাজার/কআ









