টিটিই শফিকুল নির্দোষ-
রেলমন্ত্রী আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করা পাবনার ঈশ্বরদীর ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। ওই প্রতিবেদনে টিটিইকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়।
গতকাল সোমবার নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির আহ্বায়ক পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম। পরে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম।
প্রতিবেদনে টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত হলেও দোষী প্রমাণিত হয়েছেন ওই ট্রেনের গার্ড শরিফুল ইসলাম। বিনা টিকিটের যাত্রী রেলমন্ত্রীর স্ত্রীর আত্মীয় ইমরুল কায়েস প্রান্তকে প্ররোচনা দিয়ে টিটিই শফিকুলের বিরুদ্ধে অভিযোগ করিয়েছিলেন গার্ড শরিফুল। তাই তাকে শাস্তি প্রদান এবং যাত্রী প্রান্তকে গণমাধ্যমের সামনে এসে ক্ষমা চাওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা থাকলেও ডিআরএম ঢাকায় থাকায় এবং সরকারি ছুটি থাকায় তিনদিন পর গতকাল সোমবার এই প্রতিবেদন জমা দেওয়া হলো।
এদিকে, ৬ মে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের টিটিই শফিকুল ইসলামকে। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ৮ মে দুপুরে নিজ ক্ষমতাবলে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন।









