যশোরের মনিরামপুর উপজেলার চিনেটোলা বাজারে খেটে খাওয়া তিনজন বয়স্ক মানুষকে কান ধরে ওঠবস করানো সেই সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
যশোরের জেলা প্রশাসক মো. শফিউল আরিফ আজ সকালে গণমাধ্যমকে সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয় থেকে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।
শফিউল আরিফ জানান, প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছিল, মানুষ যেন ঘরে থাকে, সে ব্যাপারে তাঁরা যেন উদ্বুদ্ধ করেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশনা তাদের দেওয়া হয়নি।
গতকাল দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তার একটিতে দেখা গেছে, সাইয়েমা হাসান দুই ব্যক্তিকে কান ধরে ওঠবস করাচ্ছেন। পেছনে দুই পুলিশ সদস্যসহ একাধিক ব্যক্তি। তিনি নিজেই ওই ঘটনার ছবি তুলছেন। আরেকটি ছবিতে দেখা গেছে তিনি একজন বয়স্ক লোককে কানধরে ওঠবস করাচ্ছেন। জানা যায়, যাদেরকে তিনি কান ধরে ওঠবস করিয়েছেন তারা ভ্যানচালক।
আনন্দবাজার/তা.তা








