মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদের উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে জয়পুরহাটে আরও ২০৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার পাচ্ছে নান্দনিক ঘর। আগামী ২৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তাদের জমির দলিল, খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, রেভিনিউ ডিপুটি কালেক্টর রিফাতুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, সাগর কুমার, সাখাওয়াত হোসেন বিপুসহ অন্যান্যরা।
জেলা প্রশাসক জানান, দুই শতক খাস জমির বন্দোবস্তসহ সরকারি ব্যবস্থাপনায় দুই কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘরের নির্মাণকাজ ইতিমধ্যে শেষ হয়েছে। পানি ও বিদ্যুতসহ এসব ঘরে রয়েছে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও সবুজ টিনের ছাউনি। দুই কক্ষের সাথে থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দাসহ আধুনিক জীবনযাপনের সকল সুবিধা।









