শেরপুরের নকলায় আবু রায়হান নামে এক বছরের অবুঝ শিশু মারা গেছে বাবা-মায়ের অসতর্কতায়। উপজেলার পৌরসভার এলাকার কলাপাড়ায় শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ওই এলাকার সোহেল মিয়া ও রেহেনা বেগমের ছেলে মৃত রায়হান।
রবিবার সকালে নকলা থানার ওসি আলমগীর শাহ বলেন, এ ঘটনাটি পুলিশকে না জানিয়ে ওইদিন রাতেই শিশুটিকে কবর দেয়া হয়েছে।
শনিবার বিকেলে শিশুটির বাবা সোহেল মিয়া তার অটোভ্যানের ব্যাটারি বৈদ্যুতিক চার্জে দিয়ে বাইরে যান। এমন সময় মা রেহেনা বেগম আবু রায়হানকে ঘরের মেঝেতে খেলতে দিয়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন।
সেই সময় খেলার ছলে শিশু রায়হান হামাগুড়ি দিয়ে ব্যাটারিতে চার্জে থাকা বৈদ্যুতিক তার ধরে টান দিলে সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে গুরুতর আহত অবস্থায়।
নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিবর রহমান বলেন, এক বছর বয়সের ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
আনন্দবাজার/এস.কে









