- সাতকানিয়ায় সংবাদ সম্মেলনে অভিযোগ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় এক প্রবাসীর মৌরশী জমি দখলের অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। গত শনিবার রাতে আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন উপজেলার কেরানীহাটের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলন প্রবাসী মোহাম্মদ মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গোয়াজরপাড়া এলাকায় আমার কেনা ও মৌরশী সূত্রে পাওয়া ২০ শতক জমি আছে। সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহসভাপতি জাহেদুল ইসলামসহ কয়েকজন আমার জমির প্রায় ১০ শতক জোরপূর্বক দখল করে নিয়েছেন। এ ব্যাপারে বাঁধা দেওয়া ও প্রতিবাদ করার কারণে তাঁরা আমার মা ও ভাইকে মারধর করেছেন।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গত মার্চ মাসে যুবলীগ নেতা জাহেদসহ তাঁর অনুসারীরা আমার জমি থেকে প্রায় পাঁচ লাখ টাকার গাছ কেটে নিয়েছেন। জমি দখল ও গাছ কাটার বিষয়ে ইতিমধ্যে আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত কনসুলেট জেনারেল অব বাংলাদেশ কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি জানার পর জাহেদসহ তার অনুসারীরা আমার আত্মীয়-স্বজনকে হুমকি দিচ্ছেন।
এ ব্যাপারে সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহসভাপতি জাহেদুল ইসলাম বলেন, আমরা কারো জমি দখল করিনি। আমাদের কেনা জমিটুকু আমরা দখলে নিয়েছি। মহিউদ্দিনরাই দীর্ঘদিন ধরে অন্যের জমি দখল করে রেখেছিলেন। তাঁরা অন্যায়ভাবে অন্যের জমি নিজেদের বলে দাবি করে আসছিলেন।









