মৃত্যুর ৯ দিন পর বাবা মায়ের পাশেই বুধবার (১৫ জুলাই) চিরনিদ্রায় শায়িত হবেন বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর (৬৫)। ক্যান্সার রোগে ভুগে গত ৬ জুলাই রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার ছেলে সপ্তক এবং মেয়ে সংজ্ঞা দেশের বাইরে থাকায় এতদিন মরদেহ সমাহিত না করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। তার ছেলে গত ৭ জুলাই এবং মেয়ে গত ১৩ জুলাই দেশে ফিরেছেন।
এন্ড্রু কিশোরের দুলাভাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, এন্ড্রু কিশোরের মরদেহ এখন হিমঘরে রয়েছে। সেখান থেকে বুধবার সকাল ৯টায় মরদেহ বের করে নগরীর চার্চ অব বাংলাদেশে নিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হবে। তারপর সকাল ১১টার দিকে এই চার্চের নিজস্ব কবরস্থানে নেওয়া হবে। সেখানে তার বাবা-মায়ের সমাধি আছে। সেখানে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য এন্ড্রু কিশোরের মরদেহ কিছুক্ষণ রাখা হবে। দুপুর ১ টার দিকে মরদেহ সমাহিত করা হবে।
এন্ড্রু কিশোরকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাখার কথা ছিল। তবে তা বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, মরদেহ খুব ভাল নেই। বেশ কয়েকদিন হয়ে গেছে। বিদ্যুৎ ঠিকমত ছিলো না। এ অবস্থায় দুর্গন্ধ হতে পারে। একারণে বিশ্ববিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর জন্য লাশ নেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, করোনার কারণে আমরা চাই না অনেক লোকজন উপস্থিত হোক। করোনায় রাজশাহীর অবস্থা ভাল নেই। বেশি মানুষ এসে কেউ ক্ষতিগ্রস্ত হোক তা আমরা চাই না। যত কম লোক উপস্থিত হবেন, ততটাই সবার জন্য মঙ্গল হবে।
আনন্দবাজার/টি এস পি









