মাত্র ২৭ মিনিটের ভেতর ঢাকা থেকে মাওয়া যাওয়া যাবে। কথাটি কাল্পনিক মনে হলেও আগামী বৃহস্পতিবার থেকে তা বাস্তবে রূপ নেবে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের মাধ্যমে। যুগান্তকারী পরিবর্তন আসবে দেশের সড়কপথে- এমনই ধারণা করছেন স্থানীয় মানুষ এবং পরিবহন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-মাওয়া অংশের এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার জন্যই নির্মাণ করা হয়েছে এই এক্সপ্রেসওয়ে।
আগে মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে, ধোলাইপাড় আর পোস্তগোলা পার হতে সময় লাগতো প্রায় দুই ঘণ্টা। এখন সেই সময়েরও অর্ধেকের কমে পৌঁছে যাওয়া সম্ভব হচ্ছে একেবারে মাওয়া পর্যন্ত।
জানা যায়, আগামী ২০ বছরের গাড়ির চাপ মাথায় রেখে ডিজাইন করা এই সড়কটি, দুটি সার্ভিস লেনসহ মোট ছয় লেনের। এর মধ্যে রয়েছে ৪টি ফ্লাইওভার, ৪টি রেলওয়ে ওভারব্রিজ, ৪টি বড় ব্রিজ, ১৯টি আন্ডারপাসসহ বিশ্বমানের সব নিরাপত্তা ব্যবস্থা। ফলে নব্য নির্মিত এ সড়ক ব্যবহারকারীরা ভাসছেন প্রশান্তির হাওয়ায়।
এছাড়া পদ্মাসেতু চালু হলে এ মহাসড়ক দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীসহ সারাদেশের যে নিবিড় যোগাযোগ তৈরি হবে তার অর্থনৈতিক এবং সামগ্রিক সুফল দেশকে এগিয়ে নিয়ে যাবে অনেকাংশেই।
উল্লেখ্য, নতুন এই সড়কে ঢাকা থেকে মাওয়া পৌঁছাতে সময় লাগবে মাত্র ২৭ মিনিট। গাড়ির গতিবেগ থাকতে পারবে ঘন্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার।
আনন্দবাজার/শাহী









