'সবকিছু ঠিক থাকলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন' বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সারাদেশের হাসপাতালে আইসিইউ বেড ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে হাইকোর্ট এই প্রশ্ন তুলে। বুধবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার আদালতে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে সবকিছুই মনিটরিং করা হচ্ছে। তখন আদালত জানতে চায়, যদি মনিটরিং করা হয় তাহলে মানুষ হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরছে কেন?
এ বিষয়ে আদেশের জন্য রোববার দিন ধার্য করা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। এর আগে ৭ জুন সারাদেশে আইসিইউর কেন্দ্রীয় মনিটরিং আছে কিনা তা জানতে চেয়েছিলেন আদালত।
অ্যাডভোকেট ইয়াদিয়া জামান বলেন, করোনা আক্রান্তদের জন্য আইসিইউ সব থেকে গুরুত্বপূর্ণ। সকল প্রাইভেট হাসপাতালের আইসিইউসমূহ অধিগ্রহণ করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছি। একই সঙ্গে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সেন্ট্রাল বেড ব্যুরো বিষয়টি হলো- সারাদেশে কোন হসপিটালে কয়টি বেড খালি আছে। কোথায় খালি নেই, তার সব তথ্য এক জায়গায় থাকবে। এ ব্যবস্থা চালু থাকলে রোগী ভর্তির পূর্বেই জানতে পারবে কোথায় বেড খালি আছে। এতে করে রোগী নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না।
আনন্দবাজার/ডব্লিউ এস









