চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়াই মাসেও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি থানা পুলিশ। সন্তানের চিন্তায় নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে পিতা-মাতার। অপহরণের মূলহোতা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর গ্রামে।
প্রতিদিনের ন্যায় গত ১ আগস্ট সকালে শিক্ষকের নিকট কোচিং করতে যায় বিষ্ণুপুরের দিনমজুর খবির উদ্দীনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে। পথিমধ্যে তার গতিরোধ করে জোরপূর্বক অপহরণ করে একই এলাকার কাবরানের বখাটে ছেলে জাহিদ (২১)। তার অপহরণ কাজে সহায়তা করে জাহিদের মা আসমা তাঁরা, মামা আশানুর, মামী কামরান নেছা, বন্ধু আশিক, রাজনসহ অজ্ঞাত আরো দুই তিন জন।
ভিকটিমের পরিবার জানায়, ঘটনা জানার পর অপহরণকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ জাহিদের মা ও মামাকে গ্রেপ্তার করে, আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। একমাস জেল খেটে জাহিদের মা ও মামা জামিনে মুক্ত হয়েছেন। তবে, অপহরণের মূলহোতা জাহিদ কে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার এক নম্বর আসামী গা ঢাকা দিলেও, এজাহারভুক্ত অন্য আসামীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
এদিকে জামিনপ্রাপ্ত জাহিদের মা বাদীকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে-এমনি অভিযোগ তুলে ভিকটিমের পিতা-মাতা আইনি সহায়তা চেয়ে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার বরাবর আবেদন করেছেন।
তবে স্থানীয় একটি অসমর্থিত সূত্রের দাবি, বিষয়টি অপহরণের নয় প্রেমের। এলাকায় গুঞ্জন রয়েছে তারা একে অপরকে পছন্দ করতো, নিজেরাই পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এমনকি তারা দেশে নেই, পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। যার কারণে পুলিশ তাদেরকে খুঁজে পাচ্ছে না।
এ প্রসঙ্গে মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার জানান, এজাহারকারী কে যাবতীয় আইনি সহায়তা দেবে তাদের সংস্থা এবং সেই সঙ্গে দ্রুততার সহিত ভিকটিম উদ্ধার ও বাকি আসামীদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যাবস্থা নিতে পুলিশ সুপার চুয়াডাঙ্গার আশু কার্যকরী হস্তক্ষেপ কামনা করছি।
জানতে চাইলে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। একই সঙ্গে জাহিদকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তাকে আইনের আওতায় আনার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ের সোর্স কাজ করছে। আশাকরি তাড়াতাড়ি আমরা অপরাধীকে আইনের আওতায় আনতে সক্ষম হব।









