রাজশাহীর চারঘাটে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগিগুলো উদ্ধার করে লাইন মেরামত শেষে আবার ট্রেন চলাচল শুরু করতে বৃহস্পতিবার বিকাল গড়িয়ে যাবে বলে মনে করছেন কর্মকর্তারা। বুধবার সন্ধ্যায় চারঘাট উপজেলার দিঘলকান্দি এলাকায় ওই দুর্ঘটনার পর থেকে রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
লাইন ছেড়ে বেরিয়ে যাওয়া নয়টি ক্যারিজের মধ্যে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত চারটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, বিরূপ আবহাওয়ার মধ্যেই ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন দিয়ে বাকি ক্যারিজগুলো দ্রুত সরানোর চেষ্টা করা হচ্ছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার জাহিদুল ইসলাম বলেন, “উদ্ধার কাজ শেষ হতে বিকাল হয়ে যাবে। বিকাল ৪টায় পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকার পথে ছেড়ে যাওয়ার সূচি রয়েছে। আমরা আশা করছি, লাইন মেরামত শেষ হলে পদ্মা ছেড়ে যেতে পারবে।”









