আনুমানিক ৫৫ কোটি টাকার ইউরেনিয়াম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে এই ইউরেনিয়ম জব্দ করা হয়। এ সময় তিন জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হচ্ছে, এবিএম সিদ্দিকী ওরফে বাপ্পী (৫৯), মো. আক্তারুজ্জামান (৩৩) ও মো. মিজানুর রহমান (৫০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সোমবার গভীর রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পূর্ব রামপুরার জাকের গলি এলাকার ২৪৩/এ নম্বর শুকরিয়া ভবনে অভিযান চালায়। এসময় প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়ামসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি চামড়ার বাক্স, একটি ছোট চামড়া ও স্টিলের বাক্স উদ্ধার করা হয়। এছাড়া একটি রিমোট কন্ট্রোল, একটি ম্যানুয়েল বই, একটি গ্যাস মাস্ক, একটি ইলেটকট্রিক মিটার, একটি রাবারের ড্রপার, একটি স্টিলের ঢাকনাযুক্ত কাচের পট, পাঁচটি কাচের তৈরি ছোট চিকন পাইপ, একটি কাঁচি, একটি মিটার, একটি কালো কম্পাস, দুটি পাইপ সদৃশ বস্তু, একটি মেটাল ছাকনি, একটি ক্যাটালগ, এক জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গাউন) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, বিভিন্ন উৎস থেকে অবৈধভাবে ইউরেনিয়াম কিনে তা বিক্রি করে আসছিল তারা। উদ্ধারকৃত মালামাল ও আসামিদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট থানায়।
আনন্দবাজার/ডব্লিউ এস









