চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৪০) নামে এক পাখি ভ্যান চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার উথলী রুপিচারা মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন সদর উপজেলার বেগমপুর গ্রামের বিলপাড়ার আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে জীবননগর উপজেলার উথলী রুপিচারা মাঠে সিএনজি ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাখিভ্যানের চালক ফারুক হোসেন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।









