সিরাজগঞ্জ শাহজাদপুরে পাবলিক টয়লেটের দরজা ভেঙ্গে ও তার সামনের সরকারি খাস জমি দখল করে রাতারাতি দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার খুকনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। ইব্রাহিম হোসেন অত্র ইউনিয়নের সাত্তার হোসেনের ছেলে ও খুকনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সরেজমিনে দেখা যায়, উপজেলার খুকনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আরকান্দি বাজারের দুটি পাবলিক টয়লেটের সামনের অংশ ভেঙে মেঝে পাকা করে আরও সরকারি ১০ থেকে ১২ হাত জায়গা দখল করে টিনশেট দোকান ঘর নির্মাণ করেছে ইব্রাহিম হোসেন। দোকান ঘরটির ভিতরের পিছনে এখনও বহাল রয়েছে দীর্ঘদিনের পাবলিক টয়লেট (গণশৌচাগার)।
পাবলিক টয়লেট দখল করে দোকান ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে ইব্রাহিম এ প্রতিনিধিকে জানান, জনৈক হালিম নামে এক ব্যক্তির কাছে থেকে তিনি ৫ হাজার টাকা দিয়ে টয়লেট কিনে নেন এবং তার সহযোগিতায় আরও ২৫ হাজার টাকা খরচ করে টয়লেটের সামনের অংশ ভেঙে দোকান ঘর নির্মাণ করেন। সরকারি টয়লেট কিনলেন কিভাবে জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর না দিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।
এবিষয়ে খুকনি ইউনিয়নের চেয়ারম্যান মুল্লুক চাঁদ জানান, বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা হরতালের মূখে পড়ে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিল এবং বিকেল ৩টা থেকে হরতাল উঠিয়ে নিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ।









