বগুড়ার নন্দীগ্রামে দুটি অফিসের রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করেছে করার অভিযোগ উঠেছে। এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এমন কাজ করেছে বলে জানা যায়। এর প্রতিবাদে গোলাম মোস্তফা মতিন নামে এক ব্যক্তি গত শনিবার বিকালে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। প্রতিবাদকারী নন্দীগ্রাম উপজেহলার দমদমা গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পাঁচ শতক জায়গা ক্রয় করে পাকা ভবন নির্মান করি। সেই ভবনে সাব রেজিস্ট্রার অফিসের জন্য ভাড়া প্রদান করি। আমার উত্তর পার্শের বাসিন্দা মৃত পারভেজ আলীর পুত্র আজিজার রহমান একজন প্রভাবশালী ব্যক্তি। সে অবৈধভাবে জোর পূর্বক গত ১৭ সেপ্টেম্বর আমার সাব রেজিস্ট্রার অফিসের সামনে দিয়ে, পৌরসভার নির্মিত ইট সোলিং রাস্তার উপর ইটের প্রাচীর দেয়। ফলে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
তিনি আরও বলেন, আজিজার রহমানকে প্রাচীর নির্মান না করার জন্য নিষেধ করলে হঠাৎ সে আমার উপর ক্ষিপ্ত হয়। আমাকে নানা ধরনের গালি-গালাজ মারপিট সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার ভয় ভীতিও প্রদান করে।
মতিন বলেন, এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ও মহিলা ওয়ার্ডের কাউন্সিলর ববিতা বেগম প্রাচীর নির্মাণ কাজ করতে নিষেধ করলে তাদেরকেও চাঁদাবাজি মামলার হুমকি প্রদান করে।
তিনি বলেন, সাব রেজিস্ট্রার অফিসের পাশে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস রয়েছে। এই দুটি আফিসের চলাফেরা করার জন্য একই রাস্তা। বর্তমানে রাস্তা বন্ধ করার কারনে জনসাধারণের চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তাকে কেন্দ্র করে বগুড়ায় সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। এ সংক্রান্তে গত ৬ সেপ্টেম্বর পৌরসভার মেয়র ও ২০২০ সালের ২৫ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো প্রতিকার পাইনি। বর্তমানে সরকারি দুটি অফিসের রাস্তা বন্ধ করার কারনে সরকারি কাজে ব্যাপকভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।









