- দেশে কখনই খাদ্য ঘাটতি হবে না: কৃষিমন্ত্রী
কৃষিখাত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে ভবিষ্যতে দেশে কখনোই খাদ্য ঘাটতি হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও নবান্ন ধান কর্তন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়তে গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য পরিত্যক্ত জমিগুলো কৃষির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে।
মন্ত্রী বলেন, আমাদের দেশের ৭০ ভাগ মানুষ এখনও কৃষি কাজের সাথে জড়িত। কৃষির আয় আরও বাড়াতে হবে। যাতে করে কৃষক বা কৃষিকাজের সাথে যারা জড়িত আছেন তাদের জীবন মান আরো উন্নত করতে পারে। সে লক্ষ্যে সরকার কাজ করছে।
সার নিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোন ঘাটতি নেই। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কোনোক্রমেই যেন সার নিয়ে কৃষকদের সমস্যার সম্মুখিন না হতে হয়। আশা করি কোনো বিপর্যয় না হলে সার নিয়ে দেশে কোনো সমস্যার সৃষ্টি হবে না। এ ব্যাপারে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি।
ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় সকল আবাদী ও অনাবাদী পতিত জমি চাষের আওতায় আনতে হবে। ঘরের আঙিনায় পড়ে থাকা জমিতে সবজি চাষ করতে হবে যাতে ছোট পরিবারের সদস্যদের বাজার থেকে সবজি কিনে না খেতে হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সাংসদ আলি আজগার টগর, কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এস এম জাকারিয়া আলম।









