রাজধানীতে নৌবাহিনীর কর্মকর্তাকে হত্যা চেষ্টা মামলায় বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর মো. ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। একইসাথে এ মামলায় প্রত্যেককে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত এই আদেশ দেন।
এর আগে সকাল পৌনে ১০টায় কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। বেলা ১২টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত দুই আসামিকে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখান। তারপর একই আদালতে দুই আসামির রিমান্ড শুনানি হয়।
এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর চকবাজার থানায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আনন্দবাজার/এফআইবি









