- নিয়ামতপুরের মাসিক উন্নয়ন-আইনশৃঙ্খলা সমন্বয় সভা বর্জন করলেন ক্ষুব্দ ৮ ইউপি চেয়ারম্যান
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গতকাল মঙ্গলবার উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা বর্জন করেছেন। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সমন্বয়হীনতায় ক্ষুব্দ হয়ে ইউপি চেয়ারম্যানরা সভা বর্জন করেন।
গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভা ও উপজেলা মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগমসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা।
খোঁজ নিয়ে জানা যায়, ইউপি চেয়ারম্যানরা ইউএনওর বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ তুলে সভা বর্জন করেছে। কয়েকজন ইউপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, ইউএনও ফারুক সুফিয়ানের বিভিন্ন কর্মকাণ্ডে সমন্বয়ীনতার কারণে উপজেলায় সকল ধরনের উন্নয়নমূলক ও জাতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর আগে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে উপজেলার সকল চেয়ারম্যানরা ইউএনওর বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন। এরপরেও ইউএনও তাঁর একঘেয়েমি আচরণ পরিহার করেননি। উপজেলার কোনো উন্নয়নমূলক কাজে ইউএনও তাদের সঙ্গে কোনো সমন্বয় করেন না। এ পরিস্থিতিতে তাঁরা বর্তমান ইউএনওর কোনো সভায় উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা আরোও বলেন, দেশের প্রায় সব উপজেলায় ইউনিয়ন পরিষদগুলোতে অতি দরিদ্রদের কর্মসংস্থানের জন্য স্থানীয় সরকারের ৪০ দিনের কর্মসূচি চলছে। কবে, এ ইউএনওর সমন্বয়হীনতার কারণে নিয়ামতপুরে এখনও এই কর্মসূচি চালু করা যায়নি। উল্টো তিনি চেয়ারম্যানদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। সভা বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউএনও ফারুক সুফিয়ান দাবি করে বলেন, চেয়ারম্যানদের সঙ্গে তার সমন্বয়ের কোনো সমস্যা নেই। শীত অথবা বিশেষ কোনো কারণ হয়তো আজকে তারা সভায় উপস্থিত হয়নি। উপজেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড স্বাভাবিক নিয়মেই চলছে।









