ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে কাইজা, সংঘর্ষ ও সহিংসতা বন্ধে গ্রাম্য মাতুব্বরদের নিয়ে মতবিনিময় সভা করেছে পুলিশ। গত ১১ এপ্রিল বিকালে সালথা থানা চত্ত্বরে উপজেলার খারদিয়া, উজিরপুর ও সাধুহাটি গ্রামের দুই দলের মাতুব্বরদের সাথে এ মতবিনিময় করেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান।
এসময় সালথা থানার উপ-পরিদর্শক (এস. আই) মারুফ হোসেন, যদুনন্দী ইউনিয়নের বিট অফিসার এস,আই নাজমুল আলম, যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুজ্জামান টুকু ঠাকুর, আবু বকর ছিদ্দিক, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিক মোল্যা, মহব্বত হোসেন ঠাকুর, ইউপি সদস্য ইরোন খন্দকার, আকরাম আলীসহ স্থানীয় তিন গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় দুই দলের দেশিও অস্ত্র ঢাল-কাতরা পুলিশের কাছে জমা দিবেন বলে অঙ্গিকার করেছেন দুই দলের মাতুব্বররা। এদিকে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া, সেনহাটি ও গোবিন্দপুর গ্রামে গত রবিবার রাত থেকে উত্তেজনা চলছিলো। পরে এই তিন গ্রামের মাতুব্বরদের সাথে আজ সোমবার বিকালে সহিংসতা রোধে মতবিনিময় করেন সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান। এসময় ইউপি সদস্যসহ ওই তিন গ্রামের দুই দলের মাতুব্বররা উপস্থিত ছিলেন।









